বিশ্ব খাদ্য দিবস উদযাপনের অংশ হিসেবে উন্নয়ন সংস্থা “পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র"-এর আয়োজনে দুদিনব্যাপী ‘নিরাপদ স্ট্রিটফুড উৎসব’ এর আয়োজন করে। ঢাকার মোহাম্মদপুরে সূচনা কমিউনিট সেন্টারে গত ১৫ ও ১৬ অক্টোবর দুইদিন, সকাল ১১ টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত মেলায় ছিল নিরাপদ ও স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি ঢাকার জনপ্রিয় ও মজাদার সব স্ট্রিটফুড।
বিশ্বব্যাংকের অর্থায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর আওতায় প্রমোশন অফ সেইফ স্ট্রিট ফুড ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস প্রকল্পের উপকারভোগী স্ট্রিটফুড উদ্যোক্তাদের নিয়ে ‘নিরাপদ স্ট্রিটফুড উৎসব’ আয়োজন করেছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় আয়োজিত এই নিরাপদ স্ট্রিড ফুড উৎসবে অংশগ্রহণ করছে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার প্রস্তুতে প্রশিক্ষণপ্রাপ্ত ও স্থানীয় ভাবে জনপ্রিয় স্ট্রিটফুড উদ্যোক্তাগণ। মেলায় চটপটি, ফুচকা, ঝালমুড়ি, জিলাপি, বাহারি কাবাব, জুস, চপ, পেয়াজু, সিঙ্গারা, সমুচা, ফ্রেঞ্চ ফ্রাই, হালিম, মৌসুমি ফলের ভর্তাসহ জিভে জল আনা সব খাবার উপস্থাপন করা হয়েছিল। মুখরোচক সব খাবারের পাশাপাশি পদক্ষেপ কর্তৃক বাস্তবায়নাধীন ‘পরিবেশ বান্ধব বৈচিত্র্যময় হস্তশিল্প প্রসার’ প্রকল্পের আওতায় রংপুরের হস্তশিল্প উদ্যোক্তাদের তৈরি বাহারি সব কারুপণ্যের ও স্টল জায়গা পেয়েছিল।
‘নিরাপদ স্ট্রিটফুড উৎসব’-এর উদ্বোধন করেন পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন ‘বিশ্বের অনেক দেশেই কেবল শখে নয়, দুপুর কিংবা রাতের খাবারে স্ট্রিটফুড স্বাভাবিক কালচারে পরিণত হয়েছে। বর্তমানে বাংলাদেশেও সাধ্যের মধ্যে দুপুর কিংবা রাতের খাবার হিসেবে নিরাপদ ও পুষ্টিকর স্ট্রিটফুডের চাহিদা তৈরি হচ্ছে। এক্ষেত্রে দারুণ ভূমিকা রাখতে পারেন বর্তমানে কাজে নিয়োজিত স্ট্রিটফুড উদ্যোক্তাদের পাশাপাশি চাকুরীপ্রার্থী শিক্ষিত তরুণেরাও।‘
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এ.বি.এম সিদ্দীক অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বলেন, “প্রমোশন অফ সেইফ স্ট্রিট ফুড ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস প্রকল্পের উদ্যোক্তাদের মধ্যে ইতোমধ্যেই স্বাস্থ্যকর উপাদান ব্যবহার করে খাবার তৈরি, পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, পোড়া তেল পুনরায় ব্যবহার না করার সচেতনতাগুলো অভ্যাসে পরিণত হচ্ছে।“
এছাড়াও উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন পদক্ষেপ এর পরিচালনা পর্ষদ সদস্য নাহিদ আক্তার, পদক্ষেপ এর নির্বাহী পরিচালক জনাব সালেহ বিন সামস, পদক্ষেপ এর পরিচালক (মাইক্রোফাইন্যান্স, প্রোগ্রাম ও এন্টারপ্রাইজ) মুহাম্মদ রিসালাত সিদ্দীক, পদক্ষেপ এর প্রোগ্রাম উইং এর যুগ্ম পরিচালক মোঃ মনিরুজ্জামান সিদ্দীক সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বিশ্বব্যাংকের অর্থায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় প্রমোশন অফ সেইফ স্ট্রিট ফুড ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস প্রকল্পের স্ট্রিটফুড উদ্যোক্তাদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাবার তৈরি, পরিবেশন ও বিক্রয়ে প্রশিক্ষণ ও উপকরণ সরবরাহের পাশাপাশি জামানতবিহীন ঋনসুবিধা প্রদান করে থাকে পদক্ষেপ। এরই ধারাবাহিকতায় বিশ্ব খাদ্য দিবস উদযাপনে প্রকল্পের উপকারভোগী উদ্যোক্তাদের উৎসাহ প্রদানে ও ভোক্তাদের সচেতন করার অংশ হিসেবেই আয়োজন করা হয়েছে ‘নিরাপদ স্ট্রিটফুড উৎসব’।